রফিক প্লাবন, দিনাজপুর :
দিনাজপুরে অসচ্ছল ক্রীড়াসেবী এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় জেলার ১১৪ জন অসচ্ছল ক্রীড়াসেবী ও প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীর মাঝে মোট ৬৬ লাখ টাকা বিতরণ করা হয়।
আজ সোমবার (১৫ জুন) সকালে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বৃত্তি ও ভাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক।
দিনাজপুর জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় ৬১ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে। তারা প্রত্যেকে মাসিক ২হাজার ৫০০টাকা হারে এককালীন ৩০হাজার টাকা করে পেয়েছেন। এছাড়া ক্রীড়া শিক্ষা বৃত্তির আওতায় মাধ্যমিক পর্যায়ের ২২জন শিক্ষার্থীকে মাসিক ১হাজার টাকা হারে এককালীন ১২হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩১জন শিক্ষার্থীকে মাসিক ২হাজার টাকা হারে এককালীন ২৪হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, “সরকার ক্রীড়াবিদদের মূল্যায়ন ও তাদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তি সেই উদ্যোগেরই অংশ। এই সহায়তা ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং তাদের ক্রীড়া চর্চা আরও বেগবান করবে।”
তিনি আরও বলেন, “নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে দিনাজপুর ও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেকুজ্জামান বাবুসহ স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, কোচ এবং অনুদানপ্রাপ্ত খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান শেষে দিনাজপুরে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস এর ফুটবলে রানার্সআপ কিশোর-কিশোরী এবং ক্রিকেটে রানার্সআপ কিশোর দলের ট্রফি হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন দেশব্যাপী মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি ও চিকিৎসাসেবা বাবদ বিইএফটিএন (ইঊঋঞঘ) পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ১১৪ জন ক্রীড়াসেবী ও শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তি বিতরণ
জুন ১৫, ২০২৬


































