বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করা হচ্ছে। এই উপজেলার নতুন নাম ঠিক করা হয়েছে মহাস্থান উপজেলা।
আজ শনিবার (১৩ জুন) রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে শিবগঞ্জ নামে আরও একটি উপজেলা আছে। যেটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃস্টি হয়। এজন্য আপনারা (শিবগঞ্জ বাসী) সমর্থন দিলে শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে।
এদিকে জাতীয় তথ্য বাতায়নে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম করণ বিষয়ে বলা হয়েছে “কথিত আছে যে, শিবগঞ্জ উপজেলা হিন্দু অধ্যুষিত এলাকা । পূর্বে এ এলাকায় হিন্দুদের পুজাপার্বনে অসংখ্য শিবমন্দির ছিল। শিবমন্দিরকে কেন্দ্র করে বন্দর-গঞ্জ গড়ে উঠে। এরই ফলশ্রূতিতে এ উপজেলার নাম শিবগঞ্জ করা হয়েছে ।
ভৌগলিক অবস্থান হিসেবে বলা হয়, শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা । আয়তন ৩১৫ কি.মি.। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, ,দক্ষিণে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলি উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা।
উপজেলার বর্তমান ইতিহাসের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রাচীন সভ্যতার যে ইতিহাস পাওয়া যায় সেখানে বগুড়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ন ও তাৎপর্যবহ। আড়াই হাজার বছরের পুরোনো এই সভ্যতার নাম ছিল পুন্ড্রবর্ধন। বর্তমানে বৃহত্তর রাজশাহী, বগুড়া, দিনাজপুর, রংপুর নিয়ে গঠিত প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর যার বর্তমান নাম মহাস্থানগড়। মৌর্য ও গুপ্ত যুগেও পুন্ড্রনগর ছিল মৌর্য ও গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী । খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টিয় ১৫শ শতাব্দির মধ্যে এ নগর এক সমৃদ্ধশালী জনপদরূপে গড়ে উঠে। বেশ কয়েক শতাব্দি জুড়ে এই স্থান মৌর্য ,গুপ্ত, পাল, সেন এবং অন্যান্য হিন্দু সামন্ত রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল । পরবর্তীতে এ নগরি থেকেই সর্ব প্রথম এ অঞ্চলে ইসলামের প্রচার শুরু হয়।দ্বাদশ শতাব্দির প্রথমার্ধে হযরত শাহসুলতান বলখি মাহিসওয়ার (রহঃ) পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাস্ত করে এ অঞ্চলে ইসলামের নিশান স্থাপন করেন ।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন করেন। শিবগঞ্জ উপজেলার পাচঁটি ইউনিয়ন যথাক্রমে মোকামতলা দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার । লোকসংখ্যা প্রায় দেড় লাখের মতো।।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় মন্ত্রী মহোদয় শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরনের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে।
আমন্ত্রণ/এজি
পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম
জুন ১৩, ২০২৬


































