আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে সোমবার “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, জাগ দেওয়া, আঁশ ছাড়ানোসহ আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নতমানের পাট উৎপাদন বিষয়ে চাষিদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি পাট চাষে লাভজনক উৎপাদন নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় আরও বক্তব্য দেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান এবং অফিস সহকারী সজীব ইসলাম।
বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাট চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকরা আরও লাভবান হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
ধুনটে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মে ১৮, ২০২৬
































