বগুড়া ব্যুরো :
বগুড়ার জুলাই আন্দোলনে হত্যাসহ চার মামলায় গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার আাবাসিক ভবনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত, অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎচন্দ্র রায় এর ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। ডিবির ওসি ইকবাল বাহার জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমন্ত্রণ/এজি

































