সাদাকাত আলী খান, হিন্নাত হোসেন ও ইউসুফ আলী, দিনাজপুর :
‘মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই’-এ স্লোগানকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দৌড়ের মাইল ফলক স্পর্শ করলেন দিনজপুেরর কৃতি সন্তান সাকিব। ৬ দিনে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয়ার নতুন ইতিহাস ও এক অনন্য রেকর্ড স্থাপন করেছেন তরুণ ক্রীড়া প্রতিভা সাকিব। গত ২ এপ্রিল সকালে ঢাকা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া তার এই বিরতিহীন দৌড় আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টা ২০মিনিটে দিনাজপুরের জিরো পয়েন্টে এসে দৌড় শেষ করেন।
জাতীয় পতাকা মেলে ধরে দৌড় শেষে সাকিব দিনাজপুর জিরো পয়েন্টে পৌঁছালে তাকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে এই তরুণ অ্যাথলেটকে বরণ করে নেয়।সাকিবকে বরণ করে নেয়ার জন্য দিনাজপুর জিরো পয়েন্টে মঞ্চ তৈরি করে সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে তাকে বিরল বিরোচিত সংবর্ধনা দেয়া হয়।
উল্লেখ্য, দিনাজপুরের তরুণ অ্যাথলেট ও কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন সাকিব ঢাকা জিরো পয়েন্ট থেকে সকালে দৌড় শুরু করেন। উদ্দেশ্য ‘মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই’- শ্লোগান নিয়ে দিনাজপুর জিরো পয়েন্টে পৌঁছানো। দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দিতে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি ছিল যমুনা নদী পার হওয়া।
এই যাত্রাপথের শনিবার ৪ এপ্রিল সকালে সাঁতরে যমুনা নদী পার হয়েছেন। যমুনা সেতু পার না হয়ে বেছে নিয়েছেন নদীপথ। তিনি ৪ এপ্রিল সকাল ৮ টায় সাঁতার কেটে যমুনা নদী পাড়ি দেন। যমুনা পার হতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। দিনাজপুরের প্রবেশমুখে মোহনপুর ব্রিজের নিকট আজ বুধবার সকালে আত্রাই নদীও সাঁতরে পার হয়েছেন।
সাকিবের এই বিশাল এবং চ্যালেঞ্জিং যাত্রার সার্বিক সহযোগিতায় ছিলেন ‘পাটোয়ারী বিজনেস হাউস’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, সাকিব দিনাজপুরের গর্ব। ইতোপূর্বে সে টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতার কেটেছে, পদ্মা ও যমুনাসহ বিভিন্ন বড় বড় নদী পাড়ি দিয়েছে। এমনকি সাইকেলে করে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণের রেকর্ডও তার আছে। সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণদের পাশে দাঁড়ালে তাদের মনোবল বৃদ্ধি পায়। দেশের বিত্তবান ও সমাজসেবীদের উচিত এসব প্রতিভাকে উৎসাহিত করা।
সাখাওয়াত হোসেন সাকিব দিনাজপুর শহরের রামনগর এলাকার বাসিন্দা। তার বাবা একজন ফল ব্যবসায়ী। সাকিব দিনাজপুরের সেন্ট যোসেফস স্কুল থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সাকিবের ঢাকার জিরো পয়েন্ট থেকে দিনাজপুরের জিরো পয়েন্ট ৩৫৬ কিলোমিটার সড়ক দৌড়ে দিনাজপুরের ঐতিহ্যকে তুলে ধরা আনন্দিত দিনাজপুর বাসী। সাফল্যের এই চূড়ায় পৌঁছাতে সাকিবের অদম্য ইচ্ছা এবং পাটোয়ারী বিজনেস হাউসের সহযোগিতা দিনাজপুরের ক্রীড়া ও এডভেঞ্চার প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
আমন্ত্রণ/এজি
ঢাকা থেকে দৌড়ে ৬ দিনে দিনাজপুর জিরো পয়েন্ট স্পর্শ করলেন ক্রীড়া প্রতিভা সাকিব
এপ্রিল ৮, ২০২৬


































