মুকুল বসু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক :
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-নসিমনের সংঘর্ষে রাকিব মোল্লা (২২) নামে এক নসিমন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী- শিপন (২৫) ও জাকারিয়া (২০)।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলজানি গ্রামের সবুজ মেম্বারের বাড়ির পাশের সড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি নসিমনের সংঘর্ষ হলে তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত শিপন ও জাকারিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাকিব ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আবুল কালামের ছেলে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আন্না সুলতানা। তবে ট্রাক ও নসিমন চালকের পরিচয় জানা যায়নি।
আমন্ত্রণ/এজি
বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল নসিমন আরোহীর
জানুয়ারি ২৭, ২০২৬


































