বগুড়া ব্যুরো :
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক ফ্যাসিস্টদের ফেরানো ঠেকাতে ‘হ্যাঁ’ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখার সুযোগ যেন জাতি না হারায়, সেই আহ্বান জানিয়ে বলেছেন, গণভোটে ইতিবাচক রায় দিলে রাষ্ট্র থেকে বহুবিধ সুবিধা পাওয়া যাবে।
তিনি বলেন, বিগত স্বৈরাচারি সরকার সংবিধান থেকে ‘হ্যাঁ-না’ ভোট বাদ দিয়েছিল। কিন্তু এবার গণভোটে ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে সংবিধান পরিবর্তন করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের ফাঁপোড় পশ্চিমপাড়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের কাঠামো সংস্কারের জন্য জনগণের সরাসরি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।এর আগে সোমবার (১৯ জানুয়ারি) রাত আটটায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন তিনি।
আমন্ত্রণ/এজি
ফ্যাসিস্টদের ফেরানো ঠেকাতে ‘হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি নিজেদের হাতে রাখুন – বগুড়ায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
জানুয়ারি ২২, ২০২৬
































