বগুড়া ব্যুরো:
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এ পত্র হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয় যে, ৩৬ বগুড়া-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের অনুরোধ করা হলো।
চূড়ান্তপত্র হস্তান্তরকালে দলীয় প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মো. শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই আসনে কাজী রফিকুল ইসলাম ছাড়াও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। প্রথমে কাজী রফিকুল ইসলাম এবং পরে বিকল্প প্রার্থী হিসেবে তাকে দেয়া হয়।
দলের চূড়ান্ত প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
তিনি জানান, সোনাতলা ও সারিয়াকান্দিতে কোনো বিভেদ নেই, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। ইনশাআল্লাহ জনগণের দোয়া ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। বগুড়া বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও বগুড়ার উন্নয়নের রুপকার তারেক রহমানের প্রতি বগুড়ার মানুষের আস্থা ভালোবাসা সবসময়।
আমন্ত্রণ/এজি
বগুড়া-১ আসনে কাজী রফিককে ধানের শীষ দিতে মির্জা ফখরুলের চিঠি
জানুয়ারি ২১, ২০২৬


































