মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার (১১ জানুয়ারি) পৌণে ছয়টার দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর বিওপি’র টহলদলের বিশেষ অভিযানে দিনাজপুরের বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে আনুমানিক ০১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগানের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮১ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।
এছাড়া একই রাত ৯টার দিকে গোবিন্দপুর বিওপি’র টহল দলের বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৬/৬-আর থেকে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে তাজিগাঁও এলাকার সরিষা মাঠে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
একইভাবে একই দিন দিবাগত রাত ২টার দিকে কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ৬০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম এলাকার বড়পুল ব্রীজ নামক স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করছে বলে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে কিশোরীগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমন করতঃ নিম্নেবর্ণিত ১ জন মাদক ব্যবসায়ীকে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি বাটন মোবাইল ফোন, ১টি সীমকার্ড, ১টি পালসার মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি হচ্ছেন, বিরল উপজেলার ভবানীপুর গ্রামের মোজাহার আলীর ছেলে শরিফ হোসেন (২৮)।
আটককৃত ব্যক্তিকে ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, উপজেলা ভূমি অফিস, বিরল, দিনাজপুর এবং অদিতি রুমনাজ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ বোতল ভারতীয় ফেন্সিডিল ধ্বংস করা হয় এবং সাজাপ্রাপ্ত আসামীকে ১টি বাটন মোবাইল ফোন, ১টি সীমকার্ড, ১টি পালসার মোটরসাইকেলসহ বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া উদ্ধারকৃত মালিকবিহীন মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্যা মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ১৯ হাজার ৯০০টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য আজ সোমবার (১২ জানুয়ারি) ৪২ বিজিবি’র পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবি’র ৩টি পৃথক অভিযানে বাংলা মদ ও ভারতীয় ফেন্সিডিল আটক
জানুয়ারি ১২, ২০২৬

































