বগুড়া ব্যুরো :
বগুড়া শহরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেছে একদল ডাকাত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চারমাথা এলাকার বারপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বারপুর ফিলিং স্টেশনের পাশে অবস্থিত টপাগো নামের একটি কোম্পানির গুদামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ একটি ডাকাত দল। এ সময় বগুড়া সদর থানার নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে।
পালানোর সময় ডাকাতরা পুলিশবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ধাওয়া চলাকালে মহাস্থানের সবুজ নার্সারির সামনেও তারা আবার গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা চার রাউন্ড শটগানের গুলি ছোড়ে।একপর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত একটি ট্রাক এবং কোম্পানি থেকে ছিনিয়ে নেওয়া একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি শটগান জব্দ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত চলছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়িতে গুলি, ট্রাক ও অস্ত্র ফেলে পালাল ডাকাতদল
ডিসেম্বর ২৪, ২০২৫
































