আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় দিন ছিল শুক্রবার। পবিত্র জুমার নামাজ আদায় করতে সকালে থেকেই মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। বৃহৎ জামাতে নামাজ আদায় করে পরিপূর্ণ তৃপ্তি প্রকাশ করেন হাজারো মুসল্লি।
জুমা’র নামাজের খুতবা শেষে ইমামতি করেন মরক্কো থেকে আগত মেহমান মাওলানা শেখ মোহাম্মাদ। নামাজ শেষে বয়ান পেশ করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা ছামছুদ্দিন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ইজতেমা আয়োজকরা জানান, বৃহস্পতিবার শুরু হওয়া এই তিন দিনব্যাপী ইজতেমায় মুসল্লিদের অবস্থানের জন্য একাধিক পয়েন্ট তৈরি করা হয়েছে এবং সব পয়েন্টেই সামিয়ানা টাঙানো রয়েছে। নিজ নিজ এলাকার মুসল্লিরা দলগতভাবে অবস্থান নিয়ে বয়ান শ্রবণ করছেন। প্রতিদিন ফজর, যোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশি-বিদেশি মুরব্বিরা বয়ান পেশ করছেন—বেশিরভাগ বয়ান বাংলায়, আর বিদেশি মুরব্বিদের আরবি ও ইংরেজি বয়ান দোভাষীর মাধ্যমে বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছে।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির বলেন, স্বেচ্ছাসেবক দল মাঠে সুশৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের সুবিধার্থে গোসল, টয়লেট ও ওযুর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করতে এখান থেকে বিভিন্ন জামাত দেশের নানা প্রান্তে দাওয়াতের কাজে বের হয়ে যাবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা চলছে। তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে।
শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের ধুনট ইজতেমা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
ধুনটে ইজতেমা ময়দানে আখেরী মোনাজাত
ডিসেম্বর ৬, ২০২৫
































