বগুড়া ব্যুরো :
বগুড়া সদর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বগুড়া সদরের যৌথ আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সদর ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রদর্শনী হয়।
“দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নুরানি মোড় প্রদক্ষিণ শেষে প্রদর্শনী প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে প্রদর্শনী উদ্বোধন, স্টল পরিদর্শন, আলোচনাসভা এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মাদ শামসুদ্দিন ফীরোজ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. সোহেল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, বগুড়া জেলা ডেইরি খামারী অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা তিলক, জেলা ডেইরি খামারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন ।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান ।
দিনব্যাপী আয়োজনে বগুড়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান চল্লিশটি (৪০) স্টলে তাদের খামারের প্রাণী, প্রযুক্তি ও সফলতা উপস্থাপন করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম, ভ্যাক্সিনেশন, কৃত্রিম প্রজনন সেবা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং, নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি
































