কাশী কুমার দাশ, দিনাজপুর :
বিশিষ্ট শিক্ষাবিদ-ভাষা সৈনিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর শাহ্ আব্দুল হাই এর ৮ম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৩ অক্টোবর) পালন করা হয়েছে।
প্রফেসর শাহ্ আব্দুল হাই দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে ঐতিহ্যবাহী শাহ্ পাড়ায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে ১৪ সেপ্টেম্বর ১৯৩৮ খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন। পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. শাহ্ আব্দুস সোবাহান ও মাতা মরহুমা হাওয়া বিবির সাত কন্যা ও দুইপুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সন্তান। তিনি আলোকডিহি জে.বি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে মেট্রিক পাশ করেন এবং ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে নীলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন ১২ আগস্ট ১৯৬১ সালে এবং ১৯৬৫ খ্রিষ্টাব্দের ২০ জুলাই রংপুর কারমাইকেল কলেজে যোগদান করেন। তিনি বাংলাদেশ গীতিকার, নাট্য শিল্পি হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন-লিখেছেন অনেক কবিতা, গান ও স্মৃতি কথা মূলক লেখা। ছাত্র জীবনে অংশ নিয়েছিলেন ৫২‘র মহান ভাষা আন্দোলনে। প্রায় ত্রিশ বছর শিক্ষকতা শেষে সফলতার আলোকাবর্তিকা জ্বালিয়ে ১৯৯৫ সালে চাকরি জীবন শেষে অবসরে যান। ২০১৭ সালের ৩ অক্টোবর দেশ বরেণ্য এই শিক্ষাবিদ-ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতে বায়তুল নূর জামে মসজিদে দোয়া ও মাহফিল, কবর যিয়ারতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে পরিবারে সদস্যরা।
উল্লেখ্য, শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার পরিবারে পক্ষ থেকে আলোকডিহি জে. বি উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে “প্রফেসর শাহ্ আব্দুল হাই শিক্ষা বৃত্তি”চালু করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিশিষ্ট শিক্ষাবিদ-ভাষা সৈনিক শাহ্ আব্দুল হাইয়ের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
অক্টোবর ৪, ২০২৫


































