আমিনুল ইসলাম :
শান্তি আর সম্প্রীতির অঙ্গীকার নিয়ে এগিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ীর মন্দির ও পূজা মণ্ডপগুলোতে সরব হয়ে উঠেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা “এই উৎসব সবার, তাই শান্তিপূর্ণভাবেই হবে উদযাপন।”
মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী এবং মধ্যপাড়া সেনা ক্যাম্পের অধিনায়ক মো. আরমান এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল পৌর শহরসহ উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, সদস্য সচিব রতন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা পৌর এলাকার শিব মন্দির, কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির ও ফ্রেন্ডস ক্লাব মণ্ডপসহ একাধিক মন্দিরে যান।পূজায় অংশ নিতে আগত ভক্তদের সঙ্গে আলাপ করে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সকলের উৎসব। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকেন। আমরা চাই ফুলবাড়ীর সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ থাকুক।”
ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগে আমরা উৎসাহিত। আমরা আশা করি, এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হবে।”
উল্লেখ্য, চলতি বছর ফুলবাড়ীতে মোট ৬৩টি মন্দির ও পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সমাজ সচেতনরা মনে করছেন, শান্তিপ্রিয় এই এলাকায় আগের মতোই সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে পূজা সম্পন্ন হবে।


































