প্রদীপ মোহন্ত, বগুড়া প্রতিবেদক :
বগুড়া শহরের রাজাবাজারে গোখাদ্যে রঙ মিশিয়ে মরিচ ও হলুদ গুঁড়া তৈরি করার অপরাধে মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি। এসময় ওই অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৫বস্তা মরিচ গুড়া, ৬বস্তা হলুদ ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকাল ৩ টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এছাড়াও গোখাদ্যে রঙ মিশিয়ে হলুদ ও মরিচ গুড়া তৈরি করছিলো তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি আরো বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচ গুড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিলো। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (মরিচ গুড়া ও হলুদ) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।
বগুড়ায় হলুদ মিল সিলগালা গোখাদ্যে ও রঙ মিশিয়ে তৈরি হচ্ছিলো মরিচ গুঁড়া ও হলুদ!
মার্চ ৩০, ২০২৪


































