এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় পাওয়া গেছে ২৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটির পাশে একটি পরিত্যক্ত রাজবাড়ি রয়েছে। জনশ্রুতি আছে, সেখানে একসময় সনাতন ধর্মাবলম্বী এক রাজা বাস করতেন। উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৭ কেজি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুকুরটির মালিক হরিনাথপুর গ্রামের বাসিন্দা আনিছার রহমান। সকাল থেকে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। একপর্যায়ে বিকেলে ওই যন্ত্রের বাকেটে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করে। পরে এক্সকাভেটরের চালক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে বিষয়টি জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও আশরাফুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
ইউএনও আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটির আনুমানিক মূল্য নির্ধারণ করা এখনই সম্ভব নয়। মূর্তিটি গতকাল সন্ধ্যায় পুলিশি হেফাজতে দিনাজপুর জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে।’
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে পুকুর খননের সময় পাওয়া গেছে ২৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি
এপ্রিল ১১, ২০২৫


































