আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৮১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষক-কৃষাণীকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, সোহেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলার রহমান ও জুয়েল হোসেন।
এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উফশী আউশ ধান চাষে উৎসাহিত করা হচ্ছে, যা স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ৮১০ কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মার্চ ২৪, ২০২৫
































