বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটরোড বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুজন মিয়া (৩০) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ট্রাকচালক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সুজন মিয়া মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি দাড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকলরির পেছন দিয়ে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ‘কাজী অপরূপা’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্যাংকলরিটিকে ধাক্কা দেয়। ফলে দুটি গাড়ির মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই সুজন মিয়া মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং মহাসড়কে অবস্থান নিয়ে বাস ও ট্যাংকলরিটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটক করা যানবাহন দুটি নিজেদের হেফাজতে নেয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্যাংকলরির চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
মার্চ ৬, ২০২৫
































