আমন্ত্রণ প্রতিবেদক, হিলি
দিনাজপুরেরর হাকিমপুরের হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় তিনি ভারত সীমান্তবর্তী হিলি বাজার পরিদর্শনে আসেন।
এসময় পেঁয়াজ, আলু, ডিম, চাল সহ বিভিন্ন মসলা পণ্যের বাজার ও কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় প্রতিটি দোকানে মূল্য তালিক ঝোলানো, পণ্যের পাকা রশিদ রাখা, অতিরিক্ত মুনাফা না করা সহ বিভিন্ন বিষয়ে দোকানীদের সাথে কথা বলেন।
এ সময়, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, আমদানি রফতানিকারক গ্রæপের সভাপতি সাখাওত হোসেন শিল্পী, বাংলা হিলি সিএন্ড এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বন্দরের আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় বন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল রাখতে ব্যবসায়ীদের তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা প্রশাসকের হিলি বাজার পরিদর্শনসহ আমদানি রফতানিকারকদের সাথে মতবিনিময়
নভেম্বর ১২, ২০২৪
































